পয়েন্ট টেবিলের তলানির দলের মাঠে শীর্ষ দলের খেলা। সবচেয়ে কম গোল করা ও হজম করা দুই দলের ম্যাচ। মাঠের খেলায় পড়ছিল না এর ছাপ। তবে শেষ পর্যন্ত জ্বলে উঠলেন রবের্ত লেভানদোভস্কি, আনসু ফাতি, ফেররান তরেসরা। এলচেকে উড়িয়ে দিয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা।
প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচে ৪-০ গোলে জিতেছে শাভি এর্নান্দেসের দল। জোড়া গোল করেছেন লেভানদোভস্কি। জালের দেখা পেয়েছেন ফাতি ও তরেস।
বল দখলে রেখে শুরু থেকেই এলচেকে চেপে ধরে বার্সেলোনা। কিন্তু স্বাগতিকদের জমাট রক্ষণ ভাঙতে পারছিল না কাতালান ক্লাবটি।
২০তম মিনিটে প্রথম ভালো সুযোগে এগিয়ে যায় শাভির দল। মার্কোস আলোনসোর ফ্রি কিকে চমৎকার হেডে রোনাল্দ আরাউহো খুঁজে নেন লেভানদোভস্কিকে। পোলিশ এই স্ট্রাইকার শুরুতে বাঁ পায়ে শট নিতে চেয়েছিলেন কিন্তু পারেননি। পরে ডান পায়ের শট দূরের পোস্ট দিয়ে খুঁজে নেন জাল।
0 Comments